নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে শুরু ‘বসুন্ধরা সুপার গলফ’
‘শুধু গলফ নয়, তার চেয়েও বেশি কিছু’ স্লোগানকে সামনে রেখে তৈরি করা হয়েছে এই লাইফস্টাইল হাব। আধুনিক ডিজিটাল ট্র্যাকিং সুবিধাসহ এখানে রয়েছে মোট ১০৭টি গলফ বে
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ এএম
ছবি: ডেইলি সান
দেশের ক্রীড়া ও বিনোদন খাতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বসুন্ধরা গ্রুপের নতুন উদ্যোগ ‘বসুন্ধরা সুপার গলফ’।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মাদানী অ্যাভিনিউ সংলগ্ন বসুন্ধরা সুপার গলফ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বমানের এই স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট হাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর, সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর, তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম আহমেদ সোবহান এবং বসুন্ধরা সুপার গলফের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান। এছাড়া বসুন্ধরা পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, শীর্ষ করপোরেট প্রতিনিধি, ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব, বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
‘More than just golf (শুধু গলফ নয়, তার চেয়েও বেশি কিছু)’ স্লোগানকে সামনে রেখে তৈরি করা হয়েছে এই লাইফস্টাইল হাব। আধুনিক ডিজিটাল ট্র্যাকিং সুবিধাসহ এখানে রয়েছে মোট ১০৭টি গলফ বে।
তিনটি আধুনিক লেভেলে সাজানো এই এরেনায় গলফ খেলার পাশাপাশি রয়েছে বিশ্বমানের একাধিক রেস্তোরাঁ, প্রিমিয়াম ক্যাফে, সাশ্রয়ী প্রো শপ, হাই-টেক সিমুলেটর ও ট্রেনিং রুম, বিলিয়ার্ড, ভিআইপি স্যুট, মিটিং রুম, সোশ্যাল ইভেন্ট হল, কিডস জোন এবং স্পোর্টস লাউঞ্জ।
বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান বলেন, এটি দক্ষিণ এশিয়ার প্রথম সমন্বিত গলফ ও লাইফস্টাইল গন্তব্য। এখানে আসা প্রতিটি অতিথি যেন বিশ্বমানের ও উন্নত অভিজ্ঞতা পান, সেটিই আমাদের মূল লক্ষ্য।
সমাপনী বক্তব্যে বসুন্ধরা সুপার গলফের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান বলেন, বসুন্ধরা সুপার গলফ ঢাকা শহরের বিনোদন জগতে একটি নতুন পরিবর্তনের সূচনা করেছে। আগামী বছর বসুন্ধরা গ্রুপের ৪০ বছর পূর্তি হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দূরদর্শী নেতৃত্বেই এই বিশাল অর্জন সম্ভব হয়েছে। তরুণ প্রজন্ম এখন দেশেই বিশ্বমানের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবে।
এই স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট হাবের মূল লক্ষ্যের ব্যাপারে অনুষ্ঠানে এমিল আহমেদ সোবহান আরও বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল এমন একটি আধুনিক পরিসর তৈরি করা, যেখানে কেবল পেশাদার গলফ অনুশীলন নয়; বরং পরিবার, বন্ধু ও করপোরেট টিম নিয়ে সবাই খাবার, বিনোদন ও সামাজিক আয়োজন একসঙ্গে উপভোগ করতে পারেন।
এমিল আহমেদ সোবহান আরও বলেন, প্রকল্পটির পরিকল্পনা ও নিখুঁত বাস্তবায়নে এক বছরের বেশি সময় ধরে কাজ করা হয়েছে, যাতে আগত দর্শনার্থী ও অতিথিরা আন্তর্জাতিক মানের সেবা ও একটি অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারেন।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা বসুন্ধরা সুপার গলফের বিভিন্ন আধুনিক সুবিধা ও ফ্লোর ঘুরে দেখেন এবং এর পরিবেশ ও সুযোগ-সুবিধার প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মানের এই ভেন্যুতে বাৎসরিক সদস্যপদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্যও ‘পে অ্যান্ড প্লে’ সুবিধা রাখা হয়েছে। অর্থাৎ আগ্রহীরা সদস্য না হয়েও নির্দিষ্ট সুবিধার মাধ্যমে এখানে এসে খেলতে পারবেন।
একই ছাদের নিচে খেলাধুলা, প্রিমিয়াম ডাইনিং এবং সামাজিক আয়োজনের সমন্বয় থাকায় বসুন্ধরা সুপার গলফ খুব দ্রুতই তরুণ প্রজন্ম, করপোরেট পেশাজীবী এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য রাজধানীর অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
